ইয়েমেনের ৩২ জায়গায় বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

ইয়েমেনের ৪টি প্রদেশের অন্তত ৩২টি জায়গায় সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
হুথিদের নিজস্ব টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ-এর তথ্য অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় ইয়েমেনের মারিব, আল-জাওফ, তাইজ ও হুদাইদাহ গভর্নরেটের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়। তবে এই বিমান হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তেল কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং বেশ কয়েকজন আহতও হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে যে, আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান শহরে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনার ওপর হুথিদের হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন সৌদি নাগরিক আহত হয়েছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, নিরপরাধ বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হুথি মিলিশিয়াদের অব্যাহত হামলার গুরুতর পরিণতি হতে পারে।