তরুণদের আন্দোলনে ‘ভারত ফুটছে’: সালমান রুশদি

বিশিষ্ট লেখক সালমান রুশদি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে ভারতের তরুণদের নেতৃত্বাধীন সাম্প্রতিক আন্দোলন ও বিক্ষোভের ফলে গোটা দেশ বর্তমানে ফুটছে। তিনি ভারতের তরুণ প্রজন্মের এই আন্দোলনকে সাধুবাদ জানিয়ে নির্বাচনসংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতি সমর্থন জানান।
দিল্লি ও ভারতের অন্যান্য এলাকায় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে পরিচিত একটি আন্দোলন গড়ে উঠেছে। নির্বাচনসংক্রান্ত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সংগঠনটি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে। এর আগে জুলাইয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেও তরুণদের নেতৃত্বে সংগঠনটি প্রতিবাদ জানিয়েছিল।
বুকার পুরস্কারজয়ী রুশদি অতীতেও ভারতের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি দেশটিতে বাক্স্বাধীনতার ওপর আক্রমণ এবং হিন্দু জাতীয়তাবাদের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
বোম্বেতে বেড়ে ওঠার স্মৃতি তুলে ধরে রুশদি বলেন, তার শৈশবে ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবাই বিভিন্ন উৎসবে অংশ নিতেন। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান কিংবা পার্সি—পরিচয় কোনো বাধা ছিল না। তবে তাঁর মতে, ভারতে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনুভূতি আগের মতো নেই।
অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার নিজেকে ‘ককরোচদের মা’ বলে অভিহিত করেন। প্রতিকূলতার মধ্যেও টিকে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করা ভারতীয়দের ‘ককরোচ’ হিসেবে উল্লেখ করে তাঁদের নিয়ে গর্ব প্রকাশ করেন।
ভোরের আকাশ/আ.র