ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, হাজারো বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ

ক্যালিফোর্নিয়ার ভেনচুরা ও লস অ্যাঞ্জেলেস কাউন্টির সীমান্ত এলাকায় ক্যানিয়ন ফায়ার নামে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া আগুন শুক্রবার সন্ধ্যা নাগাদ ৩০ একর থেকে প্রায় ৫,৪০০ একর বিস্তৃত হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে এই ভয়াবহ দাবানলের কারণে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রচণ্ড তাপ এবং শুষ্ক আবহাওয়া দাবানলের বিস্তারকে আরও ত্বরান্বিত করেছে।
অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে এবং গভীর রাতে এর ২৮ শতাংশ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।
সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড তাপ এবং শুষ্ক পরিবেশ দমকল কর্মীদের কাজকে কঠিন করে তুলেছে। ভেনচুরা কাউন্টি এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ৪০০ দমকলকর্মী সর্বোচ্চ প্রচেষ্টায় আগুন নেভাতে লড়াই করছেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
দাবানলের বর্তমান অগ্নিকেন্দ্র লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিকে কাস্টেইকের দিকে বিস্তৃত হচ্ছে। তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত বাড়ার পূর্বাভাস থাকায় কর্তৃপক্ষ উদ্বিগ্ন।
কাউন্টির সুপারভাইজার ক্যাথরিন বার্গার এক্স-এ লিখেছেন, আগুনের সবচেয়ে কাছের সান্তা ক্লারিটা, হ্যাসলি ক্যানিয়ন ও ভ্যাল ভার্দে এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি সবাইকে সতর্ক থাকার ও জীবন রক্ষায় ঝুঁকি না নেওয়ার অনুরোধ করেছেন।
ভোরের আকাশ//হ.র