যাত্রীদের ভ্রমণ নথি যাচাইয়ে এয়ারলাইনগুলোকে সৌদির নির্দেশ

সৌদি আরবে প্রবেশ কিংবা দেশটি থেকে বের হতে ইচ্ছুক যাত্রীদের ভ্রমণ নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (গাকা)। বেসরকারি বিমান পরিষেবা সংস্থাগুলোর জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে গাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে সৌদি আরবের প্রতিটি বেসরকারি বিমান সংস্থাকে তাদের উড়োজাহাজের যাত্রীদের ভ্রমণসংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাই করতে হবে।সৌদি আরবে প্রবেশ বা দেশটি ত্যাগ করতে ইচ্ছুক যাত্রীদের পাশাপাশি সব ধরনের ট্রানজিট ফ্লাইটের যাত্রীদের ক্ষেত্রেও এ নির্দেশনা কার্যকর হবে।
গাকা জানিয়েছে, যাত্রীদের ভ্রমণসংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পর তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাপ্তরিক চ্যানেল অথবা কর্তৃপক্ষের অনুমোদিত প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করতে হবে।
এ ছাড়া যাত্রীরা যেন প্রয়োজনীয় ভ্রমণ নথি সঙ্গে রাখার বিষয়ে আগেই সচেতন থাকেন, সে বিষয়েও বেসরকারি বিমান পরিষেবা সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ধরনের নির্দেশনা জারি করেছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সূত্র : গালফ নিউজ
ভোরের আকাশ/সু.পা