ইয়েমেনে উত্তেজনা বাড়লে একমাত্র ইসরায়েলের লাভ: ইরান

ইয়েমেনে উত্তেজনা বাড়লে এর একমাত্র লাভ হবে ইসরায়েলের বলে মন্তব্য করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এক সংবাদ সম্মেলনে আরব উপদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে তেহরানের গভীর উদ্বেগের কথা জানান।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে বাঘায়ি বলেন, আমরা মনে করি, উত্তেজনা অব্যাহত থাকলে একমাত্র লাভবান হবে ইসরায়েলি শাসকগোষ্ঠী। আমরা দুটি মুসলিম দেশের মধ্যে শত্রুতা চলতে দেখতে চাই না। বিশেষ করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারণে যখন পুরো অঞ্চল এমনিতেই উত্তেজনার মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, ইয়েমেনের জনগণের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। চাপ, নিষেধাজ্ঞা ও অবরোধমুক্ত জীবন নিশ্চিত করা প্রয়োজন।
বাঘায়ি বলেন, গত ১০ থেকে ১২ বছরে ইয়েমেনের জনগণকে যা সহ্য করতে হয়েছে, তা ইসলামের নীতি ও আন্তর্জাতিক আইন; কোনোটির আলোকেই ন্যায্যতা দেওয়া যায় না।
এ সময় হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন বাঘায়ি।তিনি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা শুরুর আগে হরমুজ প্রণালি উন্মুক্ত ছিল।
তিনি বলেন, এ অঞ্চলে আমরা যা কিছু প্রত্যক্ষ করছি, তার সবই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডের ফল। এর মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার অর্থনৈতিক প্রভাবও রয়েছে।
বাঘায়ি বলেন, যেসব সরকার এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, তারা যদি সত্যিই বিষয়টি নিয়ে আন্তরিক হয়, তাহলে তাদের উচিত এই পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী পক্ষের কাছে জবাবদিহি চাওয়া এবং যুক্তরাষ্ট্রকে আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে বাধ্য করার প্রতিটি সুযোগ কাজে লাগানো।
ভোরের আকাশ/আ.র