যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণেই আলোচনা ব্যর্থ : ইরান

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা এক সাক্ষাৎকারে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে পৌঁছে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে রুশ মিত্রদের সঙ্গে তিনি আলোচনা করবেন।
ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা শেষে আরাঘচি রাশিয়ায় পৌঁছান। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, কোন কোন শর্তসাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।
এ সময় তিনি ইরানের হরমুজ প্রণালি প্রসঙ্গও উল্লেখ করেন। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক ইস্যু বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে এই প্রণালি নিয়ে পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
ইরান ও ওমানের মধ্যে বহু বিষয়ে মিল রয়েছে বলেও ইঙ্গিত দেন আব্বাস আরাঘচি। হরমুজ প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ আলোচনার বিষয়ে একটি চুক্তি হয়েছে বলেও তিনি জানান।
ভোরের আকাশ/সু.পা