চীন চালু করছে নতুন বিশেষ ভিসা

চীন সরকার ‘কে ভিসা’ নামে নতুন একটি বিশেষ ভিসা চালু করতে যাচ্ছে, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এই ভিসার লক্ষ্য হলো বিশ্বের মেধাবী তরুণ বিজ্ঞানী, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিশেষজ্ঞদের চীনে আকৃষ্ট করা।
স্টেট কাউন্সিলের ঘোষণার অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক বা দেশি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে স্নাতক হতে হবে অথবা গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে।
ভিসাটির প্রধান সুবিধা হলো সহজ আবেদন প্রক্রিয়া—কোনো চীনা নিয়োগকর্তা বা চাকরির প্রয়োজন নেই। এছাড়াও ভিসাধারীরা একাধিকবার চীনে প্রবেশ করতে পারবে এবং ভিসার মেয়াদ ও অবস্থানের সময়সীমা অন্যান্য সাধারণ ভিসার চেয়ে বেশি সুবিধাজনক। ধারণা করা হচ্ছে, এটি ৪০–৪৫ বছরের কম বয়সীদের জন্য প্রযোজ্য হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন ভিসা চীনের ২০৩৫ সালের মধ্যে প্রযুক্তি পরাশক্তি হওয়ার কৌশলের অংশ। এটি এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রসহ কিছু দেশে গবেষণার তহবিল কমানো হচ্ছে, যা চীনের জন্য বৈশ্বিক মেধাবী তরুণদের আকর্ষণে সুবিধা হিসেবে কাজ করবে।
ভোরের আকাশ/হ.র