মাল্টায় আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল শহর

মাল্টার নাগশাওয়ার লাকার মাগতাবে ‘তা লরডেস’ আতশবাজি কারখানায় একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
ফলে পুরো দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। সেই সঙ্গে একটি বিশাল ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ে।
ডেইলি মেইলের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, তীব্র বিস্ফোরণে ভয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয় স্থানীয়রা। ঘটনায় তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে, কিন্তু বিস্ফোরণের কারণ এখনো নির্ণয় করা যায়নি।
মাল্টা টুডের প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের সময় কারখানার ভেতরে কোনো লাইসেন্সধারী কর্মী ছিলেন না। তবে পাশের মাঠে কাজ করা দুজন কৃষক এবং একজন ফুড কুরিয়ার সামান্য আহত হন।
এদিকে বিস্ফোরণে সংলগ্ন খামারের বেশ কিছু গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৪টি গাভি, পাখি এবং খরগোশ মারা গেছে।
জানা যায়, বিস্ফোরণের তীব্রতায় কয়েক কিলোমিটার দূরের আবাসিক বাড়ি ও হোটেলের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। বিস্ফোরণের ফলে সৃষ্ট বড় বড় পাথর উড়ে গিয়ে পাশের রাস্তা এবং গাড়ির ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে দমকলকর্মীরা এখনো এলাকাটিতে তল্লাশি চালাচ্ছেন।মাল্টার সিভিল প্রটেকশন ডিপার্টমেন্ট এবং সশস্ত্র বাহিনী ড্রোনের সাহায্যে এলাকাটি পর্যবেক্ষণ করছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করেছে।
ভোরের আকাশ/এম