মের্জের মন্তব্য ইস্যু
জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি কমানোর বিষয়টি তার প্রশাসন বিবেচনা করছে। ইরানকে ঘিরে উত্তেজনা এবং জার্মান চ্যান্সেলরের মন্তব্যকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। খবর আল জাজিরার।
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বলেন, জার্মানিতে মার্কিন সেনা সংখ্যা কমানো হতে পারে এবং বিষয়টি দ্রুত পর্যালোচনা করা হচ্ছে। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে কূটনৈতিকভাবে চাপের মুখে পড়ছে। তিনি বলেন, পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো স্পষ্ট পথ ওয়াশিংটনের সামনে নেই এবং অতীতের আফগানিস্তান ও ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত।
মের্জ আরও বলেন, ইরান আলোচনায় কৌশলগতভাবে এগিয়ে আছে এবং পশ্চিমা দেশগুলো প্রত্যাশার তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে।
মের্জের এসব মন্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানান এবং তাকে সমালোচনা করেন। পাশাপাশি ইরান ইস্যুতে ন্যাটো মিত্রদের আরও সক্রিয় ভূমিকা না নেওয়ার জন্যও তিনি অতীতে জার্মানি ও অন্যান্য দেশের সমালোচনা করেছিলেন।
বর্তমানে জার্মানি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিদেশি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশটিতে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
ভোরের আকাশ/সু.পা