হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলায় একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এ হামলার জন্য ইরানকে দায়ী করে এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
সোমবার (১৩ জুলাই) ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটির দুটি জাতীয় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। হামলায় নিহত নাবিক ভারতের নাগরিক। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় ও দুজন ইউক্রেনের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ইউএইর দাবি, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও বড় হুমকি।
অন্যদিকে, টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, সংশ্লিষ্ট দুটি ট্যাংকার সতর্কবার্তা উপেক্ষা করে নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল এবং মাইন পাতা একটি রুট দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ কারণেই জাহাজ দুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, ‘আগ্রাসী শত্রুকে’ সহযোগিতা করা হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এতে হরমুজ প্রণালিতে নৌ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে হরমুজ প্রণালি ব্যবহার করে পরিবাহিত সব পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২০ শতাংশ শুল্ক আরোপ করবে।
রোববার রাতের পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ভোরের আকাশ/এনএ