ইসরায়েলের হামলায় আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত

ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক স্থানে চালানো এ হামলায় আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। তেহরানে আইআরজিসির সদর দপ্তরেও আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
এ হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার দীর্ঘদিনের প্রধান বিজ্ঞানী ফারেদুন আব্বাসি। তিনি প্রায় ২৫ বছর ধরে এই সংস্থার দায়িত্বে ছিলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতাঞ্জ শহরের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। তাঁর ভাষায়, "যেসব ইরানি বিজ্ঞানী পারমাণবিক বোমা তৈরির সঙ্গে জড়িত, তাঁদেরই লক্ষ্য করা হয়েছে। যতদিন প্রয়োজন, এমন হামলা অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলেও নাতাঞ্জ স্থাপনায় সাইবার হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল তেহরান।
এদিকে, ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী তেহরানে ৬ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণ হয়েছে কয়েকটি আবাসিক ভবনেও। আল-জাজিরা জানায়, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, এটি ছিল একটি 'আগাম প্রতিরোধমূলক হামলা'। পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলজুড়ে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারি করেছে নেতানিয়াহু সরকার।
ভোরের আকাশ।। হ, র