বিদেশি কূটনীতিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান রাশিয়ার

ইউক্রেনে অবস্থানরত বিভিন্ন কূটনৈতিক সংস্থাকে দ্রুত তাদের কর্মীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের আগে মস্কোর এই সতর্কতাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।
বুধবার টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কূটনীতিকদের উদ্দেশে সতর্কবার্তা দেন। খবর অনুযায়ী, তিনি ইউক্রেনের কর্তৃপক্ষকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান এবং কিয়েভ থেকে বিদেশি কূটনৈতিক ও সংশ্লিষ্ট কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়ার পরামর্শ দেন।
জাখারোভা বলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী ‘প্রতিশোধমূলক হামলা’ চালাতে পারে, তাই নিরাপত্তার স্বার্থে আগাম ব্যবস্থা নেওয়া জরুরি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আর্মেনিয়ায় অনুষ্ঠিত ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটির বৈঠকে রাশিয়ার সামরিক প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, রাশিয়া বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজকে কেন্দ্র করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।
জেলেনস্কি আরও বলেন, দুই পক্ষই সাম্প্রতিক সময়ে সাময়িক যুদ্ধবিরতি বা বিশেষ চুক্তির ঘোষণা দিলেও বাস্তবে একে অপরকে চুক্তি ভঙ্গের অভিযোগ করছে, ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব বক্তব্য ও পদক্ষেপ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তা ও উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে।
ভোরের আকাশ/সু.পা