ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত জেলেনস্কি, বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার (১৭ আগস্ট) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এসময় ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের নেতারা ইউক্রেনের অবস্থান মজবুত করার চেষ্টা করবেন। ট্রাম্প জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে একটি চুক্তি গ্রহণে চাপ দিচ্ছেন।
শুক্রবার আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনকে শান্তি চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছেন। সূত্র জানাচ্ছে, পুতিন কিছু ছোট এলাকা ছাড়ার প্রস্তাব দিয়েছেন, তবে বিনিময়ে বড় অংশ দাবি করছেন। জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
রোববার ইউরোপীয় নেতারা “কোলিশন অব দ্য উইলিং” ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করতে ও মস্কোর ওপর চাপ বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।
এক ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে আলোচনা হবে কোন বিষয়গুলো নিরাপত্তা নিশ্চয়তার জন্য অপরিহার্য, যুক্তরাষ্ট্র থেকে কী প্রত্যাশা করা হবে, এবং ইউরোপীয় জোট কীভাবে সমর্থন দেবে।
এদিকে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার যুদ্ধবিরতিতে অনিচ্ছা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জটিল করে তুলছে। তিনি বলেছেন, “হত্যা বন্ধ করাই যুদ্ধ থামানোর মূল উপাদান।”
সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়া শনিবার রাতে ৬০টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ৪০টি ধ্বংস বা জ্যাম করা হয়েছে।
জার্মান চ্যান্সেলর মের্জ জানিয়েছেন, এবারের বৈঠক তুলনামূলকভাবে সহজ হবে এবং ইউক্রেনকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। তিনি বলেন, ইউরোপের ঐক্য গুরুত্বপূর্ণ হলেও যুদ্ধের মূল নিয়ামক শক্তি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা, নিষেধাজ্ঞা ও শুল্ক প্রয়োগের মাধ্যমে রাশিয়াকে আরও চাপ দেওয়া সম্ভব।
সূত্র: বিবিসি, আল জাজিরা
ভোরের আকাশ//হ.র