চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় ‘ইতিবাচক ফল’ দেখছেন শি

যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য আলোচনা ঘিরে নতুন আশার বার্তা দিয়েছেন প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীরা। বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। তিনি বলেছেন, দুই দেশের বাণিজ্য প্রতিনিধিদের সাম্প্রতিক আলোচনায় “সামগ্রিকভাবে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফলাফল” এসেছে।
ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে প্রযুক্তি ও ব্যবসা খাতের এক ডজনের বেশি প্রভাবশালী নির্বাহী অংশ নেন। এদের মধ্যে ছিলেন টেসলার প্রধান ইলন মাস্ক, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং এবং অ্যাপলের প্রধান টিম কুক। চীনের গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার পর তারা গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ইলন মাস্ক বলেন, তিনি চীনে এসে “অনেক ভালো কাজ” করতে আগ্রহী। এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং বৈঠকগুলোকে “চমৎকার” বলে উল্লেখ করেন। অন্যদিকে, সাংবাদিকরা বৈঠকের অগ্রগতি নিয়ে প্রশ্ন করলে টিম কুক কোনো মন্তব্য না করে শুধু থাম্বস আপ দেখান।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দুই দেশের বাণিজ্য প্রতিনিধিদের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং উভয়পক্ষই ভারসাম্যপূর্ণ ফলাফলের দিকে এগোচ্ছে।
এর আগে বুধবার (১৩ মে) দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বহুল আলোচিত ট্রাম্প-শি বৈঠকের আগে এই আলোচনা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
শি জিনপিং বলেন, বাস্তবতা প্রমাণ করেছে যে বাণিজ্যযুদ্ধে কোনো পক্ষই শেষ পর্যন্ত লাভবান হয় না। তার মতে, চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক লাভজনক সহযোগিতা।
তিনি আরও বলেন, দুই দেশেরই উচিত ইতিবাচক অগ্রগতির ধারা বজায় রাখতে একযোগে কাজ করা। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, তিনি চান চীন তাদের শিল্পখাত আরও বেশি করে মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করুক। সূত্র: রয়টার্স
ভোরের আকাশ/সু.পা