শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ২৫, আহত অন্তত ১০০

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে কারা প্রশাসন ও কয়েদিদের মধ্যে সংঘটিত ভয়াবহ দাঙ্গায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন। শ্রীলঙ্কার দৈনিক আদা দেরানা-এর বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।
গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত এই দাঙ্গা চলে। পরে শ্রীলঙ্কা সরকার সেনা মোতায়েন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিহতদের মধ্যে ২০ জন কয়েদি এবং ৫ জন কারাগারের রক্ষী ও কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েদি, কারা প্রশাসনের কর্মকর্তা এবং রক্ষী উভয়ই রয়েছেন। আহতদের নেগোম্বো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক পুষ্পা গামলাথ।
কারা সূত্রের বরাতে আদা দেরানা জানায়, রোববার সকালে বিচারাধীন কয়েদি ও সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই দুইজন নিহত হন এবং ৩৮ জন কয়েদি আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা প্রশাসন হস্তক্ষেপ করলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে।
নেগোম্বোর এই কারাগারে বর্তমানে ২ হাজার ৪১৭ জন কয়েদি রয়েছে। কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। দাঙ্গার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ/সু.পা