শিগগিরই উদ্বোধন হবে রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগ সেতু

রাশিয়া ও উত্তর কোরিয়াকে বিভক্তকারী তুমেন নদীর ওপর নির্মিত সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শিগগিরই সেতুটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ। ২০২৪ সালে উত্তর কোরিয়া সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতৃত্বের মধ্যে এই সেতু নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়। এরপর প্রায় এক বছর পর এর নির্মাণকাজ শুরু হয়।
উত্তর কোরিয়ায় নিযুক্ত রাশিয়ার দূতাবাসের বরাতে জানানো হয়েছে, তুমেন নদীর ওপর নির্মিত এই ৮৫০ মিটার দীর্ঘ সেতুর কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। সেতুটি রাশিয়ার হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে।
তবে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধনের নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি। কেসিএনএ বা রুশ দূতাবাস এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার পুরো অংশই তুমেন নদীকেন্দ্রিক। নদীর এক পাশে রাশিয়ার প্রিমোরস্কি ক্রাইয়ের খাসানস্কি জেলা এবং অন্য পাশে উত্তর কোরিয়ার রাসন শহর অবস্থিত।
এর আগে ১৯৫৯ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে এই নদীর ওপর একটি রেলসেতু নির্মাণ করা হয়েছিল। এবার সেখানে নতুন একটি সড়কসেতু যুক্ত হচ্ছে।
রাশিয়ার প্রিমোরস্কি ক্রাইয়ের গভর্নর ওলেগ কোঝেমায়াকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নতুন সেতুটি চালু হলে ভ্লাদিভস্তক ও রাসনের মধ্যে দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার কমে যাবে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময় ও পর্যটন আরও সহজ হবে।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের নিয়মিত সফরও সেই সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে।
ভোরের আকাশ/সু.পা