রাশিয়ার রাতভর হামলায় নিহত শিশু ও বৃদ্ধ, উত্তপ্ত ইউক্রেন

ইউক্রেনে আবারও রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (৩১ মে) দেশটির দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ ও বিমান হামলায় প্রাণ হারিয়েছেন এক শিশু ও এক বৃদ্ধ।
ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাপোরিঝিয়া অঞ্চলের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় ৯ বছর বয়সী এক মেয়ে শিশু নিহত হয় এবং ১৬ বছরের এক কিশোর আহত হয়।
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ জানান, বিস্ফোরণে একটি বাড়ি ধসে পড়ে এবং আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া খেরসন শহরে পৃথক আরেক হামলায় ৬৬ বছর বয়সী একজন গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে, ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার চালানো ড্রোন হামলায় আহত হয়েছেন একজন। পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে ১০ জন আহত হয়েছে বলে জানান সেখানকার ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার খিনশটেইন।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়েছে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল, ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ।
এদিকে, চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও তা এখনো ফলপ্রসূ হয়নি। সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় বন্দী বিনিময় ও যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হলেও যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জানান, রাশিয়া যদি শান্তির শর্ত আগেভাগে না জানায়, তবে তার দেশ আলোচনায় আশানুরূপ কিছু আশা করছে না। যুদ্ধ থামিয়ে মানুষের জীবন রক্ষায় অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান তিনি।
ভোরের আকাশ//হ.র