‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা

কারাগারে চিকিৎসা না পাওয়া এবং শারীরিক অবস্থার চরম অবনতির কারণে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে পাঠানো এক চিঠিতে ইমরান খান এসব কথা বলেন। এছাড়া তার স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তিও স্থায়ীভাবে হারানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার।
আদালতের কাছে পাঠানো ওই আবেদনে ইমরান খান বলেছেন, তার ও তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে আদালতের দেয়া নির্দেশও কার্যকর করা হয়নি।
৭৪ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। আইনজীবীর মাধ্যমে প্রধান বিচারপতির কাছে পাঠানো ওই চিঠিতে তিনি জানান, চিকিৎসকেরা তাকে বলেছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি।
ইমরান আরও বলেন, তার কারাবন্দি স্ত্রী বুশরা বিবিও স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। এ আশঙ্কা থেকেই তিনি চিঠি লিখতে বাধ্য হয়েছেন।
চিঠিতে ইমরান খান বলেন, ‘৭৪ বছর বয়সে এভাবে অব্যাহত পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে আমি এমন এক অবস্থায় পৌঁছাচ্ছি, যেখান থেকে জীবিত অবস্থায় আর ফিরতে নাও পারি।’
দীর্ঘ সময় একাকী বন্দিজীবন কাটানোর কারণে তার মানসিক স্বাস্থ্যেরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন ইমরান। এ ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি সময় যোগাযোগের সুযোগ দিতে মেডিকেল বোর্ড যে সুপারিশ করেছিল, কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ করেছেন তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে চোখ পরীক্ষা করানোর জন্য ইমরানকে হাসপাতালে নেয়া হয়েছিল। পরীক্ষা শেষে তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে আনা হয়।
এর আগে শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়ার পর ইমরানকে গত আগস্টে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জয়ের পর রাজনীতিতে আসা ইমরান খান ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন তিনি।
তার বিরুদ্ধে দেয়া একটি ছাড়া বাকি সব দণ্ড স্থগিত করা হয়েছে অথবা বাতিল হয়েছে। এসব মামলায় আপিলের শুনানি এখনো বাকি।
ইমরান খান অবশ্য সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের সরকার।
ভোরের আকাশ/আ.র