চার দেশের নাগরিকদের ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

সৌদি আরব নতুন করে চার দেশের নাগরিকদের জন্য তাদের পর্যটন বা ট্যুরিস্ট ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে। এর ফলে এসব দেশের আরো বেশি সংখ্যক নাগরিক পর্যটনসহ অন্যান্য উদ্দেশ্যে সৌদি আরবে ভ্রমণের সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নতুনভাবে এই চারটি দেশের নাম প্রকাশ করে। দেশগুলো হলো—মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়া।
প্রয়োজনীয় যোগ্যতা ও বিধিমালা সাপেক্ষে এসব দেশের নাগরিকরা এখন সৌদি আরবে ভ্রমণের জন্য পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। পর্যটন ভিসার মাধ্যমে ভ্রমণকারীরা একাধিক উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন।
এর মধ্যে রয়েছে–বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ, ওমরাহ পালন, প্রদর্শনী ও সম্মেলনে অংশ নেওয়া এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ।
অফিশিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই চার দেশের যোগ্য নাগরিকরা যেসব ভিসা সুবিধা পাবেন, সেগুলো হচ্ছে–ই-ভিসা, নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা।
প্রতিটি ভিসা ক্যাটাগরির জন্যই সুনির্দিষ্ট শর্তাবলী, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়মকানুন প্রযোজ্য হবে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের সুযোগ বৃদ্ধি করা এবং পর্যটন, ধর্মীয় সফর ও ব্যবসা সংক্রান্ত উদ্দেশ্যে দেশটিতে যাতায়াত আরো সহজ করার জন্য চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/আ.র