জেলেনস্কিকে ছাড়াই পুতিনের সঙ্গে বৈঠক চান ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপস্থিতি চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
গত ৬ আগস্ট পুতিনের সহকারী ও মুখপাত্র ইউরি উশাকভ জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাজি আছেন পুতিন। একই দিনে হোয়াইট হাউস থেকে জানানো হয়, আগামী সপ্তাহেই ট্রাম্প-পুতিন বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন পুতিন জানান, সংযুক্ত আরব আমিরাত এ বৈঠকের আয়োজক দেশ হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে উল্লেখ করে, ট্রাম্পের সঙ্গে বসার আগে পুতিনকে অবশ্যই জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে হবে। তবে শুক্রবার এ দাবি প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, “না, তার (পুতিন) জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন নেই। বৈঠক হবে শুধু আমার এবং পুতিনের মধ্যে।”
ট্রাম্প আরও বলেন, “প্রকৃতপক্ষে তাদের দুজনকেই পৃথকভাবে আমার সঙ্গে বৈঠক করতে হবে। এরপর এই যুদ্ধ থামানো এবং হত্যাযজ্ঞ বন্ধের জন্য যা করণীয়, আমি করব।”
এর আগে বুধবার পুতিনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ট্রাম্প-পুতিন বৈঠকে জেলেনস্কি উপস্থিত থাকলে তিনি কেমনভাবে নেবেন। জবাবে পুতিন বলেন, “আপত্তি করব না, তবে এমন কিছু হলে আগেই আমাকে জানানো উচিত।”
সূত্র: আরটি
ভোরের আকাশ//হ.র