কলম্বিয়ায় অবৈধ সোনার খনি ধসে নিহত ১৪

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অবৈধ সোনার খনি ধসে ১৪ জন নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) দেশটির নারিনিও প্রদেশের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার গ্রামীণ চামবেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির নারিনিও প্রদেশের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার গ্রামীণ চামবেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রদেশটির গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, খনিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।
নারিনিওর দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিয়ো জানান, দুর্ঘটনার পর আরও ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা ও পরিস্থিতি মোকাবিলার দায়িত্বে রয়েছে পৌর কর্তৃপক্ষ। তবে দুর্গম অবস্থানের কারণে যোগাযোগে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
ঘন বৃষ্টিবনবেষ্টিত সান্তা বারবারা দে ইসকুয়ান্দে এলাকায় নৌকা কিংবা ছোট উড়োজাহাজ ছাড়া পৌঁছানো কঠিন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার খনিটিকে ‘অনানুষ্ঠানিক’ খনি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, 'এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকা এবং এই মর্মান্তিক ঘটনায় দ্রুত সহায়তা নিশ্চিত করা।'
কলম্বিয়ার গ্রামীণ এলাকায় অনিয়ন্ত্রিত ও অনানুষ্ঠানিক খনির কার্যক্রম ব্যাপক। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
এর আগে গত আগস্টে একই নারিনিও প্রদেশের পলিকারপা পৌরসভায় খনিদুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।
ভোরের আকাশ/আ.র