অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য
মস্কোয় আত্মগোপনে আসাদের কুখ্যাত গোয়েন্দাপ্রধান

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর নিখোঁজ হয়ে যাওয়া দেশটির কুখ্যাত গোয়েন্দাপ্রধান হিসসাম লুকিয়ার অবস্থান শেষ পর্যন্ত রাশিয়ার রাজধানী মস্কোতে শনাক্ত হয়েছে। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, ভিন্ন নামে রুশ পাসপোর্ট ব্যবহার করে তিনি লেবানন হয়ে মস্কোতে পালিয়ে যান এবং বর্তমানে সেখানকার উপকণ্ঠে আত্মগোপনে রয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর দামেস্কে লুকিয়ার পরিত্যক্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে একটি নোটবুক উদ্ধার করা হয়। এতে ১৫৫টি নাম ও ফোন নম্বর ছিল। সেই সূত্র ধরে দীর্ঘ অনুসন্ধানের পর সাংবাদিকরা তার ব্যক্তিগত দেহরক্ষী মাহমুদের সন্ধান পান।
মাহমুদ জানান, সরকার পতনের আগের রাতে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে যান লুকিয়া। পরে লেবাননের বিভিন্ন সূত্র এবং অ্যাপার্টমেন্টে পাওয়া রাশিয়ান গোয়েন্দা সংস্থার উপহার ও নথির মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।
পরবর্তীতে তদন্তকারীরা একটি রাশিয়ান ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করলে লুকিয়া নিজেই ফোন ধরেন। তবে তিনি বর্তমান পরিস্থিতিতে কোনো মন্তব্য করতে রাজি হননি। এরপর আরও একটি সিরিয়ান নম্বর ও মেসেজিং অ্যাপের তথ্য বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত হয়, তিনি বর্তমানে মস্কোর উপকণ্ঠের দুটি ভিন্ন এলাকায় অবস্থান করছেন।
হিসসাম লুকিয়া সিরিয়ার জেনারেল সিকিউরিটি ডিরেক্টরেটের প্রধান ছিলেন এবং ভিন্নমতাবলম্বীদের ওপর নির্যাতনসহ একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মুখে পড়েন। তার বিরুদ্ধে সিরিয়ার অ্যাটর্নি জেনারেল গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন।
তবে রাশিয়া এখন পর্যন্ত তাকে প্রত্যার্পণ বা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এতে বিচার প্রত্যাশী সিরিয়ার বহু ভুক্তভোগী ও নিহতদের স্বজনদের মধ্যে নতুন করে হতাশা তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি।
ভোরের আকাশ/