তুরস্কে ভবন ধসে শিশুসহ নিহত ৫

তুরস্কের ইস্তাম্বুলে ভবন ধসে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই শিশু। শুক্রবার (৯ অক্টোবর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।
নগর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলার পর স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারের মধ্য দিয়ে তল্লাশি ও উদ্ধারকাজ শেষ হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।
ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়ে। ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান সাংবাদিকদের বলেন, ‘ভবনটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল। সে সময়ের নির্মাণবিধি অনুযায়ী এর বেসমেন্ট, নিচতলা এবং প্রথম ও দ্বিতীয় তলা তৈরি করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে উপরের তলাগুলো নির্মাণ করা হয়।’
দুর্ঘটনাস্থলের আশপাশে বসবাসকারী ৫৫ জনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভবনটির নিচতলায় অবস্থিত একটি দোকানের ব্যবস্থাপক জানিয়েছেন, গত এপ্রিল থেকেই তিনি ভবনটির কাঠামোয় ফাটল দেখতে পেয়েছিলেন।
ভোরের আকাশ/আ.র