সিআইএ এবং মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ মৃত্যুদণ্ড কার্যকর

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে স্পর্শকাতর তথ্য পাচার ও সহযোগিতার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (১১ মে) দেশটির আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি জানায়, ইরফান শাকুরজাদেহ নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, পেশাগত দক্ষতার কারণে শাকুরজাদেহ একটি স্যাটেলাইট-সম্পর্কিত গবেষণা সংস্থায় কাজ করতেন। সেখানে দায়িত্ব পালনকালেই তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করে অত্যন্ত গোপনীয় তথ্য পাচার করেন বলে অভিযোগ আনা হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, তার যোগাযোগ ছিল তিন ধাপে বিভক্ত—প্রথম ও তৃতীয় ধাপে মোসাদ এবং মাঝের ধাপে সিআইএ। তদন্ত অনুযায়ী, তিনি সচেতনভাবেই সংস্থার সংবেদনশীল তথ্য বিদেশি গোয়েন্দাদের কাছে সরবরাহ করেন।
তদন্তে আরও বলা হয়েছে, প্রথমে অনলাইনে একটি সহযোগিতা ফরম পূরণের মাধ্যমে তিনি মোসাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। পরে ই-মেইল ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে নিজের ব্যক্তিগত ও কর্মস্থলের তথ্য শেয়ার করেন।
এরপর নিজেকে কানাডায় বসবাসকারী ইরানি নাগরিক পরিচয় দিয়ে এক ব্যক্তি লিঙ্কডইনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে, যিনি বাস্তবে মোসাদের একজন কর্মকর্তা ছিলেন বলে দাবি ইরানের। ওই ব্যক্তি তাকে ডলারভিত্তিক প্রকল্পে যুক্ত হওয়ার প্রস্তাব দেন।
অভিযোগে বলা হয়, পরে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মেও যোগাযোগ চলতে থাকে। শাকুরজাদেহ ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে স্যাটেলাইট প্রকল্প ও সংশ্লিষ্ট সংস্থার গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতেন।
আদালতের নথি অনুযায়ী, তিনি সিআইএর ওয়েবসাইটেও ব্যক্তিগত তথ্য জমা দিয়ে সংস্থাটির সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করেন এবং যুক্তরাষ্ট্রে ভিসা ও উচ্চশিক্ষার সুযোগ পেতে সহায়তা চান।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, একই সময়ে তিনি মোসাদের সঙ্গেও যোগাযোগ বজায় রাখেন। নথিতে তার সঙ্গে যুক্ত দুই ব্যক্তি ‘রন’ ও ‘অ্যালেক্স’-এর নামও উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, পাচার করা তথ্যের মধ্যে সংস্থার কর্মীদের পরিচয়, যোগাযোগের ঠিকানা, প্রকল্পের বিস্তারিত তথ্য, অভ্যন্তরীণ নথি এবং কার্যপ্রণালীর বিবরণ ছিল। এছাড়া গোপন যোগাযোগের জন্য বিদেশি ফোন নম্বর ও নতুন ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সূত্র: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি।
ভোরের আকাশ/সু.পা