প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আগামী ২২ ও ২৩ নভেম্বর (রবিবার ও সোমবার) প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যা নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। চলতি বছরের মার্চে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় ও প্রতিবেশী কোনো দেশে সফর (এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক সফর করেছিলেন।
নেপালের পররাষ্ট্রসচিব জানান, ৩৪ সদস্যের সরকারি প্রতিনিধি দল নিয়ে কাঠমান্ডু থেকে নয়াদিল্লি যাবেন প্রধানমন্ত্রী শাহ। আগামী ২৩ নভেম্বর সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। বৈঠকে ভারত-নেপাল সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করবেন দুই নেতা।
প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ
ভারত সফরের কর্মসূচির অংশ হিসেবে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে বিভিন্ন জ্বালানি প্রকল্প উদ্বোধন করবেন।
দুই দেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে মোদি ও শাহ যৌথ সংবাদ সম্মেলন করবেন। সেখানে সফরের আলোচনার বিষয়বস্তু ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরার কথা রয়েছে।
ভারত-নেপাল সম্পর্কের গুরুত্ব
ভারত ও নেপালের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগের ধারাবাহিকতার অংশ হিসেবে বালেন্দ্র শাহের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
ভারত তার ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় নেপালের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। শাহের এই সফর দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভোরের আকাশ/আ.র