ফ্রিজ খুলতেই মিলল ‘শিবলিঙ্গ’-আকৃতির বরফ, পূজা দিতে ভক্তদের ভিড়

ভারতের উত্তর প্রদেশে একটি বাড়ির ফ্রিজে জমে থাকা বরফকে ‘শিবলিঙ্গ’-আকৃতির দাবি করে পূজা-অর্চনা শুরু করেছেন স্থানীয়রা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাড়িটিতে ভক্তদের ভিড় জমেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিবারের সদস্যরা ফ্রিজ খুলে একটি অস্বাভাবিক আকৃতির বরফখণ্ড দেখতে পান। তাদের দাবি, বরফটির আকৃতি সনাতন ধর্মাবলম্বীদের পূজিত শিবলিঙ্গের মতো। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ও ভক্তরা বাড়িটিতে ভিড় করতে শুরু করেন।
স্থানীয়দের অনেকেই বরফখণ্ডটিকে অলৌকিক নিদর্শন হিসেবে দেখছেন। কেউ কেউ সেখানে ফুল, পানি ও অন্যান্য উপকরণ দিয়ে পূজাও করছেন। বাড়িটি ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ভারতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন অমরনাথ যাত্রা চলছে। প্রতি বছর অমরনাথ গুহায় প্রাকৃতিকভাবে বরফের শিবলিঙ্গ গঠিত হয়। সেই কারণে অনেকেই ফ্রিজের বরফখণ্ডটির সঙ্গে অমরনাথের বরফ শিবলিঙ্গের তুলনা করছেন।
তবে বিজ্ঞানমনস্কদের মতে, ফ্রিজের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনের কারণে অনেক সময় বরফ বিভিন্ন অস্বাভাবিক আকৃতি ধারণ করতে পারে। এটিকে অলৌকিক ঘটনা হিসেবে দেখার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
এদিকে, বরফখণ্ডটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এটি অলৌকিক ঘটনা—এমন দাবির স্বাধীনভাবে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
ভোরের আকাশ/এনএ