নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ অব্যাহত

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন টানা ১২ দিনে গড়িয়েছে। চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আন্দোলন বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শত শত শিক্ষার্থী ও সমর্থক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।
গত ৫ জুলাই ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই এই বিক্ষোভ শুরু হয়। পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে এবং অনিয়ম হয়েছে। এরপর থেকে স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে দিনরাত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
পরিস্থিতি জটিল হয়ে উঠলে রাজ্য সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেয়। বুধবার (৫ আগস্ট) রাঁচির মহকুমা কর্মকর্তা (এসডিও) কুমার রজত বিক্ষোভস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সরকার তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করতে আগ্রহী। এ লক্ষ্যে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ থেকে সাতজনের একটি প্রতিনিধি দল গঠনের প্রস্তাব দেওয়া হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রী ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে। এসডিও কুমার রজত জানান, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে।
তবে শিক্ষার্থীরা সরকারের রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, আলোচনা হলে তা প্রকাশ্যে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় করতে হবে। গণমাধ্যম ও ক্যামেরার উপস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান তারা। একই সঙ্গে তারা অভিযোগের তদন্তে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন।
অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছে, বিষয়টি বর্তমানে সিআইডির তদন্তাধীন। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাজ্য পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএলের হিসাবরক্ষক রক্ষক সিংকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে উত্তর প্রদেশের লখনউ থেকে আটক করে রাঁচিতে আনা হয়েছে। এ মামলায় এর আগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা ২০ জনে পৌঁছেছে।
এনডিটিভি জানায়, নিয়োগ পরীক্ষায় অনিয়মের পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) কাজ করছে। তদন্তকারীরা ডিজিটাল রেকর্ড, আবেদনপত্রের তালিকা ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করছেন।
আন্দোলনে সিজেপির সমর্থন
এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ঝাড়খণ্ডের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। বুধবার তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে এই আন্দোলন একটি ‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী’ হিসেবে ভূমিকা রাখবে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির কোর টিমের বৈঠকের আগে তিনি জানান, চাকরিপ্রার্থীদের সমর্থনে দলের সদস্যরা ঝাড়খণ্ডে যাবেন।
অভিজিৎ দীপক আরও বলেন, জনগণের একটি অংশ বিচারব্যবস্থা, রাজনীতি, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাচ্ছে। তার দাবি, সিজেপির আন্দোলন দেশজুড়ে সমর্থন পেয়েছে এবং এখন বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার দাবিতেও মানুষের সমর্থন বাড়ছে। সূত্র : এনডিটিভি
ভোরের আকাশ/সু.পা