২০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ২০ বছরের দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তির প্রতিশ্রুতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ইরানের রাজধানী তেহরানে এক গুরুত্বপূর্ণ সফরে গিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে তার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, দুদেশের মধ্যে ২০ বছর মেয়াদী ‘সর্বাত্মক কৌশলগত চুক্তি’ বাস্তবায়নের পর থেকে তাদের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক অনেক দূর এগিয়েছে। কাস্পিয়ান সাগর, পারস্য উপসাগর এবং ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়ে দুই দেশই একই ধরণের চিন্তা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের মূল পথ ‘হরমুজ প্রণালি’ অস্থিতিশীল হয়ে পড়েছে বলে দুই দেশই উদ্বেগ প্রকাশ করেছে।
বৈঠকে ফিলিস্তিনে চলমান গণহত্যা দ্রুত বন্ধের জোর দাবি জানানো হয়। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের একতরফা প্রভাব মোকাবিলার জন্য ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো আন্তর্জাতিক জোটগুলোতে রাশিয়াকে সাথে নিয়ে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে ইরান।
সংগঠিত যুদ্ধের কারণে তৈরি হওয়া সংকটে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া। সের্গেই লাভরভ জানান, রাশিয়ার পক্ষ থেকে ইরানি জনগণের জন্য মানবিক ও খাদ্য সহায়তা পাঠানো অব্যাহত থাকবে। একইসাথে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব গ্যাস সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আমন্ত্রণ জানান লাভরভ।
ভোরের আকাশ/আ.র