ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা: গ্রেপ্তার ১৬০ জনের বেশি

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার সংকটের প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যার জেরে ফরাসি পুলিশ ১৬৬ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে এবং লিওঁ শহরের একটি পর্যটন দপ্তরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) এই দেশব্যাপী কর্মসূচিতে রাজধানী প্যারিসসহ বিভিন্ন বড় শহর রণক্ষেত্রে পরিণত হয়।
মন্ত্রণালয়ের অভিযোগ, কিছু বিক্ষোভকারী দোকানপাট লুটের চেষ্টা করেছেন এবং পুলিশের ওপর হামলা চালিয়েছেন।
এদিকে মার্সেই শহরের সিটি হলে একদল বিক্ষোভকারী কিছু সময়ের জন্য প্রবেশ করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে বের করে দেয়। প্যারিস, বোর্দো ও লিওঁ শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।
ঘটনাস্থলে কয়েকজন তরুণ বিক্ষোভকারী সংবাদমাধ্যমকে জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চান।
তাদের উদ্দেশ্য পরিস্থিতির পরিবর্তন আনা। গত তিন সপ্তাহ ধরে ফ্রান্সে শিক্ষার্থীদের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিক সংগঠন ও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের নেতাদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের মানুষের জীবন ও সম্পত্তির প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেছেন তিনি।
ভোরের আকাশ/আ.র