নেতানিয়াহুর বৈঠক আজ, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা

গাজায় চলমান সহিংসতা অবসানের লক্ষ্যে হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বৈঠকে বসছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার (২৯ জুন) রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণ কমান্ডের সদরদপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
বৈঠকে উপস্থিত থাকবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টারা। বৈঠকে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এদিকে যুদ্ধবিরতির পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সকালে সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি লিখেছেন, “গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।”
বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তার মাধ্যমে মূলত নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির পথে এগোতে চাপ দিয়েছেন ট্রাম্প।
এর আগে এক জিম্মির মা অভিযোগ করেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুই মূলত চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন।
এদিকে বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই পটভূমিতে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। তবে সফরের বিস্তারিত এজেন্ডা এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল, এপি
ভোরের আকাশ//হ.র