ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের হাইকমিশনার

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। বৃহস্পতিবার (২৯ মে) রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেন।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর বরাতে জানা যায়, ওই দিন বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, কোস্টারিকা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, তুরস্ক এবং কাজাখস্তানের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা ভারতের রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।
রিয়াজ হামিদুল্লাহ চলতি বছরের ১৪ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে ভারতের নিযুক্ত সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।
প্রসঙ্গত, রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠানটি শুরুতে ১৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। পরে নতুন তারিখ অনুযায়ী ২৯ মে রাষ্ট্রপতি ভবনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রিয়াজ হামিদুল্লাহ ভারতের রাষ্ট্রপতি ও সরকারের স্বীকৃতি লাভ করলেন এবং দেশটিতে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার পূর্ণ অধিকার পেলেন।
ভোরের আকাশ//হ.র