সিরিয়ার কুনেইত্রায় ইসরায়েলি অভিযান, স্থানীয়দের আটকের অভিযোগ

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুনেইত্রা প্রদেশ-এর একটি গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানের সময় এক বেসামরিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, ছয়টি সামরিক যান নিয়ে ইসরায়েলি সেনারা দক্ষিণ কুনেইত্রার সাইদা আল-হানৌত গ্রামে প্রবেশ করে। সেখানে কয়েকজন রাখালকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মধ্য থেকে একজনকে আটক করা হয়।
পরে বাহিনীটি আল-রাজানিয়াহ গ্রামের দিকেও অগ্রসর হয়। একই সঙ্গে সাইদা আল-গোলানের সংযোগ সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। কিছু সময় পর সেনারা এলাকা ত্যাগ করে।
ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা সিরিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিরীয় গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন এলাকায় বাড়িঘরে তল্লাশি, চেকপোস্ট স্থাপন এবং শিশু ও রাখালসহ সাধারণ মানুষকে আটক করার ঘটনাও নিয়মিত ঘটছে বলে অভিযোগ উঠেছে।
গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল সারা বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা পুরোপুরি বন্ধ হয়নি। তবে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি উপস্থিতি বজায় রাখার অবস্থানের কারণে আলোচনা জটিল হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বাসার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তিকে অকার্যকর ঘোষণা করে এবং সিরিয়ার বাফার জোনে প্রবেশ করে।
এর পর থেকে সিরিয়া সরকার বারবার নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
ভোরের আকাশ/সু.পা