গাজায় গণহত্যা রোধে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান ইরান-সৌদির

গাজায় ইসরায়েলি হামলায় চলমান গণহত্যা রোধে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয়ের আহ্বান জানিয়েছে ইরান ও সৌদি আরব। জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির জরুরি বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পার্শ্ববৈঠকে এ বার্তা দেন।
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম এই খবর নিশ্চিত করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৈঠকে বলেন, গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং ইসরায়েলের বিপজ্জনক সম্প্রসারণ পরিকল্পনা ঠেকাতে একযোগে কাজ করা আবশ্যক।
দুই পক্ষ আরও আলোচনা করেছেন ইরান-সৌদি সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করার বিষয়ে। কূটনৈতিক মহলের ধারণা, দুই প্রতিদ্বন্দ্বী শক্তি যদি একসঙ্গে এগোতে পারে, তবে পশ্চিম এশিয়ায় নতুন স্থিতিশীলতার পথ তৈরি হতে পারে। এই প্রক্রিয়া দাঁড়িয়ে থাকবে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং অন্যের অভ্যন্তরে হস্তক্ষেপ না করার নীতির ওপর।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৬২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নতুন স্থল অভিযান শুরু হওয়ার পর গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
ভোরের আকাশ//হ.র