চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ান শহরের একটি ৪০ তলা বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, সোমবার (৯ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বেইজিংভিত্তিক বার্তাসংস্থা সিনহুয়া জানায়, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ানে এ অগ্নিকাণ্ড ঘটে।
পরে আগুনে দগ্ধ ও আহত ৩৮ জনকে হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। সোমবার সকাল নাগাদ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ জনে।
ভবনটি তাইইউয়ানের কেন্দ্রস্থলে অবস্থিত। এর আশপাশে হাসপাতাল, স্কুল, বাণিজ্যিক কেন্দ্র ও পর্যটনস্থল রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ভবন নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করার কারণে চীনে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার নজির রয়েছে। গত বছরের নভেম্বরে হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ১৬৮ জন নিহত হন।
এর এক মাস পর চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়।
ভোরের আকাশ/আ.র