কুয়েতে ভেজাল মদে ১০ প্রবাসীর মৃত্যু

কুয়েতে ভেজাল মদ্যপানের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন প্রবাসী শ্রমিক। গুরুতর অসুস্থ অবস্থায় আরও কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেটের জলিব আল শুয়ুখ ব্লক-৪ এলাকা থেকে প্রবাসীরা ভেজাল মদ কিনেছিলেন। স্থানীয় নিরাপত্তা সূত্রের প্রাথমিক ধারণা, বিষাক্ত মদ্যপানের কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটির তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মৃতরা সবাই প্রবাসী শ্রমিক এবং ওই অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে তারা কোন দেশের নাগরিক, তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, গত রোববার রাতে ভেজাল মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন প্রবাসী। এদের মধ্যে অন্তত ১৫ জনকে ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন প্রবাসী শ্রমিক।
ভোরের আকাশ//হ.র