ইসরায়েলিদের প্রতি কোনো দয়া দেখানো হবে না: খামেনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে খামেনি বলেন, ‘সন্ত্রাসী জায়োনিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের কঠোর জবাব দিতে হবে। তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।’
এর আগে একই দিনে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দেন, খামেনি কোথায় অবস্থান করছেন তা যুক্তরাষ্ট্র জানে। তবে এখনই তাকে হত্যা করা হবে না বলেও জানান তিনি।
ট্রাম্প লেখেন, ‘আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার (আয়াতুল্লাহ খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে তিনি নিরাপদ। আমরা তাকে সরিয়ে (হত্যা করে) ফেলবো না, অন্তত আপাতত নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই না বেসামরিক নাগরিকদের বা আমেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হোক। আমাদের ধৈর্য শেষের পথে।’
এ বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের এমন পাল্টাপাল্টি হুমকিকে বিশেষজ্ঞরা উদ্বেগজনক বলে মনে করছেন।
সূত্র: আল-জাজিরা
ভোরের আকাশ//হ.র