বিস্ফোরণ ঘটিয়ে তীররক্ষা বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

ভারী বর্ষণে সৃষ্ট অতিরিক্ত পানির চাপ সামলাতে পাকিস্তানের কর্তৃপক্ষ চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের একটি তীররক্ষা অংশ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে। এতে বাঁধের মূল কাঠামো রক্ষা পেলেও বন্যার পানিতে তলিয়ে গেছে শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান কর্তারপুর সাহিব। খবর– দ্য ইকোনমিক টাইমস।
বুধবার (২৭ আগস্ট) এ বিস্ফোরণ ঘটানো হয়। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন জানান, “অতিরিক্ত পানির চাপ সামলাতে আমরা বাধ্য হয়েই ডান পাশের তীররক্ষা অংশ ধ্বংস করেছি। এতে মূল বাঁধের অবকাঠামো নিরাপদ থাকবে।”
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত বাঁধের জলকপাট খোলার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের অগ্রিম অবহিত করেছিল। তবে এ বিষয়ে ভারতীয় কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।
মূলত, ভারতের প্রবল বর্ষণের প্রভাবে আন্তঃসীমান্ত নদী চেনাব, রাভি ও সুতলেজে হঠাৎ পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এ কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
ভোরের আকাশ//হ.র