ইসরায়েলে ৪ মাসে ৪৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর থেকে গত চার মাসে ইসরায়েলে প্রায় ৪ হাজার ৮০০টি সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি হ্যাকাররা। ইসরায়েলের জাতীয় সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ ন্যাশনাল সাইবার ডিরেক্টোরেট–এর পরিচালক ইয়োসি কারাদি এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি জার্মান দৈনিক দাই ওয়েল্ট–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন, যা সোমবার প্রকাশিত হয়।
কারাদির মতে, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের সময় ইরানি হ্যাকার গ্রুপগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি সংস্থা, ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ব্যবহৃত বিভিন্ন সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তিনি বলেন, “অনেক ইসরায়েলি কোম্পানি তাদের কম্পিউটারে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য হারিয়েছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওয়েবসাইটগুলোর ওপর চালানো অধিকাংশ হামলা আমরা প্রতিহত করতে পেরেছি।”
প্রথম ধাপের হামলার তথ্য
কারাদি জানান, ২০২৫ সালের জুনে ইসরায়েল ইরানে অভিযান শুরুর পর প্রথমবারের মতো ইরানি হ্যাকাররা ইসরায়েলের সরকারি ওয়েবসাইট ও সাইবার স্পেসে ব্যাপক হামলা শুরু করে। ওই সময় ১২ দিনের মধ্যে প্রায় ১ হাজার ৬০০টি সাইবার হামলা চালানো হয়েছিল।
সাইবার যুদ্ধ নিয়ে সতর্কতা
ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রধান আরও বলেন, এবার যেসব গ্রুপ হামলা চালিয়েছে, তাদের মধ্যে কিছু অত্যন্ত দক্ষ। তাদের মোকাবিলার সক্ষমতা ইসরায়েলের রয়েছে, তবে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। তিনি সতর্ক করে বলেন, “বাস্তব যুদ্ধের মতোই সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি নেই।” সূত্র : রয়টার্স
ভোরের আকাশ/সু.পা