বাহারাইনে ৬২ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড

বাহরাইনে শিয়া সম্প্রদায়ের ওপর সরকারের দমন-পীড়নের মধ্যে গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমসহ ৬২ জন শিয়া ধর্মীয় নেতা ও আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে বাহরাইনের প্রধান শিয়া বিরোধী দল আল-ওয়েফাক ন্যাশনাল ইসলামিক সোসাইটি এ তথ্য জানিয়েছে। সংগঠনটি জানায়, বিরোধী মতাবলম্বী শিয়া আলেমদের বিরুদ্ধে একটি গণবিচারে হাইকোর্ট অব ক্রিমিনাল এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৬২ জনের মধ্যে শেখ ঈসা কাসেম ছাড়াও রয়েছেন শেখ রায়েদ আল-সিতরি, শেখ হুসেইন মাহরুস, শেখ হাসান আল-কাসসাব, শেখ হাসান আলী আল-সাইবি, শেখ হামিদ আশুর, শেখ জামিল আল-আলি, শেখ জাফর আশুর, শেখ জাসিম আল-মুমিন, শেখ জাসিম আল-খাইয়াত, শেখ বাকির আল-হাওয়াজ এবং শেখ আইয়ুব আল-বাহরানি।
গণবিচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তাদের মতে, বিচারপ্রক্রিয়ায় নির্যাতন, দুর্ব্যবহার, জোর করে স্বীকারোক্তি আদায় এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে আটক এবং গোপন বিচার কার্যক্রম পরিচালনা।
এর আগে মে ও জুন মাসে বাহরাইনের বিভিন্ন শিয়াপ্রধান এলাকায় অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় বিচারিক পরোয়ানা ছাড়াই ৫০ জনের বেশি শিয়া ধর্মীয় নেতা ও কয়েকজন ধর্মীয় কর্মীকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাহরাইনে শিয়া মুসলমানদের পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম। তিনি বলেন, দেশটির পরিস্থিতি নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো গভীরভাবে উদ্বিগ্ন। বাহরাইনে শিয়াদের রাজনৈতিক ও নাগরিক অধিকার গুরুতর হুমকির মুখে রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি। তার মতে, দেশটিতে শিয়া ইসলাম, এর প্রচারক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অস্তিত্বের সংকটের মুখে পড়েছে।
ভোরের আকাশ/আ.র