যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ৯০০ গ্রেপ্তার

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শনিবার (৬ সেপ্টেম্বর) ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ৯০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক খবর সংস্থা আলজাজিরা জানিয়েছে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মোট ৮৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৮৫৭ জনকে নিষিদ্ধ ঘোষিত প্যালেস্টাইন অ্যাকশন গোষ্ঠীর প্রতি সমর্থন দেখানোর সন্দেহে আটক করা হয়েছে। বাকি ৩৩ জনকে পুলিশের ওপর হামলা এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
বিক্ষোভের সময় পুলিশ লাঠিচার্জ করেছে, এবং কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে পানি ও প্লাস্টিকের বোতল ছুড়েছে। একজন বিক্ষোভকারীর মুখে রক্ত দেখা গেছে।
ডিফেন্ড আওয়ার জুরিস নামের বিক্ষোভ সংগঠন পুলিশি পদক্ষেপকে “সহিংস” এবং “মিথ্যা” বলে আখ্যায়িত করেছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে যাজক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া মানুষের বংশধরও ছিলেন।
প্যালেস্টাইন অ্যাকশন একটি ফিলিস্তিনপন্থি গোষ্ঠী, যা ইসরায়েলের অস্ত্র কারখানাগুলোতে বিক্ষোভ চালায়। যুক্তরাজ্য সরকার ২০০০ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে এই সংগঠনকে নিষিদ্ধ করেছে।
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, রাজনৈতিক প্রতিবাদকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। গাজার ওপর ইসরায়েলের হামলার তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ভোরের আকাশ/হ.র