৩ সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তি’ হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজার যুদ্ধ দ্রুতই শেষ হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার মনে হয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পরিস্থিতির একটি ভালো, চূড়ান্ত সমাপ্তি ঘটবে।’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সোমবার (২৫ আগস্ট) ওয়াশিংটনে তিনি এসব কথা জানান।
ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্প বলেন, আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধের একটি নিশ্চিত সমাপ্তি হবে। ক্ষুধা, মৃত্যুর মতো পরিস্থিতি আর টিকিয়ে রাখা সম্ভব নয়। মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। যুদ্ধের অবসান ঘটাতেই হবে।
এর আগে, সকালে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিকসহ ২১ জন নিহতের এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, এ ঘটনায় আমি খুশি নই। এমন দৃশ্য দেখতে চাই না। তবে আমাদের অবশ্যই এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প তার বক্তব্যে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।
ভোরের আকাশ/তা.কা