যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ এড়িয়ে যায়নি ইরান, ভবিষ্যতেও এড়িয়ে যাবে না। বৃহস্পতিবার (১ অক্টোবর) উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান এসব কথা বলেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম তার বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
পেজেশকিয়ান বলেন, ‘আমরা কখনো সংলাপ এড়িয়ে যাইনি এবং ভবিষ্যতেও যাব না। যদিও আলোচনার সময় যুক্তরাষ্ট্র তিনবার আমাদের দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।’
ইরানের প্রেসিডেন্ট বলেন, ব্যবসা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব সমস্যা সমাধানে তার সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে এ বিষয়ে সমন্বয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সমুদ্রপথে বিভিন্ন বিধিনিষেধ থাকলেও ইরান স্থলপথে বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা করছে। এ জন্য পাকিস্তান, ইরাক, তুর্কমেনিস্তান ও আজারবাইজানের সঙ্গে স্থলপথে আমদানি-রপ্তানির সুযোগ বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।
এর আগে গত সপ্তাহেও পেজেশকিয়ান বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে। তবে কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে ওয়াশিংটনকে আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও চলছে। সাম্প্রতিক সময়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে।
ভোরের আকাশ/এনএস