মার্কিন চাপে কোন আলোচনা নয় : মাসুদ পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মুখে কোনো ধরনের শর্তযুক্ত আলোচনায় অংশ নেবে না বলে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে জানান, ওয়াশিংটন যদি আলোচনায় অগ্রগতি চায়, তবে আগে তাদের ইরানের বিরুদ্ধে বিদ্যমান বৈরী পদক্ষেপ ও শত্রুভাবাপন্ন আচরণ বন্ধ করতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি দুই দেশের মধ্যে আস্থার সংকট আরও গভীর করেছে, যার ফলে সংলাপের পরিবেশও জটিল হয়ে পড়েছে। পেজেশকিয়ানের মতে, কার্যকর আলোচনার জন্য প্রথমেই একটি ইতিবাচক ও স্বাভাবিক পরিবেশ তৈরি করা জরুরি।
ইরানি প্রেসিডেন্ট আরও দাবি করেন, বিশেষ করে ইরানের বন্দর ব্যবহারকারী জাহাজগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিতে হবে। তার ভাষায়, এসব বাধা অপসারণ না হলে কোনো ধরনের অগ্রগতি সম্ভব নয়।
এদিকে ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামাবাদের অব্যাহত প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি এক্সে দেওয়া বার্তায় জানান, যুদ্ধবিরতি ও সংলাপ এগিয়ে নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: সিএনএন
অন্যদিকে, একই সময়ে ওমান ও পাকিস্তানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ভোরের আকাশ/সু.পা