তুরস্কে মহাসড়কে উল্টে গেল বাস, নিহত ১১

তুরস্কের পশ্চিমাঞ্চলে মহাসড়কে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকালে মানিসা প্রদেশের গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কে আখিসার এলাকার টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় বেলা ১১টার পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা।
আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে বাসচালকও রয়েছেন। তবে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর পুলিশ তাকে আটক করে।
জানা যায়, দুর্ঘটনায় বাস ও টো ট্রাক দুটি যানই উল্টে যায়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলের ছবিতে সড়কের পাশে সারি করে রাখা মরদেহ বহনের নীল ব্যাগ দেখা গেছে। অন্যদিকে, টো ট্রাকটিতে কাঠের তক্তা বোঝাই ছিল।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা সিফতসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিহত ব্যক্তিদের দেশের নাগরিক হিসেবে উল্লেখ করেন।
তবে, হতাহত ব্যক্তিদের মধ্যে অন্য কোনো দেশের নাগরিক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
এদিকে, মানিসা প্রদেশের গভর্নর ভাহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার কাজ করছেন। পাশাপাশি, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ওজকান বলেন, সরকারি কৌঁসুলির কার্যালয়ের সমন্বয়ে দুর্ঘটনাস্থলে কাজ চলছে। এ দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা কতটা জরুরি।
ভোরের আকাশ/আ.র