জাতিসংঘ দূতের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানেজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ মে) মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত সপ্তাহে এক ফেডারেল বিচারক সাময়িকভাবে ওই নিষেধাজ্ঞা স্থগিত করেন। বিচারকের মতে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে সমালোচনামূলক অবস্থান নেওয়ার কারণে ট্রাম্প প্রশাসন সম্ভবত আলবানেজের মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে।
ইতালির আইনজীবী ফ্রান্সেসকা আলবানেজ জাতিসংঘের ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলবিষয়ক বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্বকালীন সময়ে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরায়েলি ও মার্কিন নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন। পাশাপাশি কয়েকটি মার্কিন কোম্পানির বিরুদ্ধে গাজায় চলমান অভিযানে সহযোগিতার অভিযোগও তোলেন তিনি।
২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের অভিযোগ ছিল, তিনি আইসিসিকে মার্কিন ও ইসরায়েলি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উৎসাহিত করেছেন।
নিষেধাজ্ঞার ফলে আলবানেজের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং ব্যাংকিং লেনদেন সীমিত হয়ে যায়। পরে তার পরিবার—স্বামী ও মার্কিন নাগরিক মেয়ে—ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওয়াশিংটনের জেলা বিচারক রিচার্ড লিওন ১৩ মে দেওয়া রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করলেও মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী আলবানেজের মতপ্রকাশের অধিকার সুরক্ষিত। তিনি আরও উল্লেখ করেন, প্রশাসন তার প্রকাশিত মতামতের কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল।
রায়ের পর মার্কিন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) জানায়, আদালতের আদেশ বহাল থাকা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি।
ভোরের আকাশ/সু.পা