জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ

জাপানের ফুকুশিমা প্রিফেকচারে ভারী তুষারপাতে প্রায় ১,৫০০ মানুষ আটকা পড়েছেন এবং প্রায় ৭০০টি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২১ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফুকুশিমা প্রিফেকচারের কিতাশিওবারা গ্রামের উরাবান্দাই এলাকায় আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ। তাদের মধ্যে প্রায় ৯০০ জন স্থানীয় বাসিন্দা। বাকি ৫০০ জন ওই এলাকার বিভিন্ন হোটেল ও আবাসিক স্থাপনায় অবস্থান করছিলেন।
পাহাড়ি অঞ্চল হওয়ায় উরাবান্দাই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তবে ভারী তুষারপাতের কারণে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। উপড়ে পড়া গাছ সড়ক আটকে দেওয়ার পাশাপাশি বিদ্যুতের লাইনেও ক্ষয়ক্ষতি করেছে। এতে উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোরের আকাশ/আ.র