ইউক্রেনের খারকিভে রাশিয়ার হামলা, নিহত অন্তত ৩

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রাশিয়ার চালানো ভয়াবহ হামলায় অন্তত তিনজন নিহত এবং দুই শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটির মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর এটাই খারকিভে সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী হামলা। খবর আল-জাজিরার।
তেরেখভ শনিবার ভোরে এক টেলিগ্রাম বার্তায় বলেন, “আকাশে এখনো ড্রোন ঘুরছে। সাইরেনের শব্দে শহরজুড়ে আতঙ্ক।” তিনি জানান, আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। শহরটিতে রাতভর ৪৮টি ইরানি তৈরি ড্রোন, দুটি ক্ষেপণাস্ত্র ও চারটি গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। খারকিভ শহরটি রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এতে প্রায় ১৪ লাখ মানুষের বাস।
এর আগে, বৃহস্পতিবার এক হামলায় শহরটিতে চার শিশুসহ আরও ১৮ জন আহত হয়েছিলেন।
ইউক্রেনের জাতীয় কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ২১৫টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ৮৭টি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা।
এদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন শহরে রাশিয়ার গোলাবর্ষণে এক দম্পতি নিহত হন এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন খেরসনের গভর্নর ওলেকজান্ডার প্রোকুদিন। অন্যদিকে, ডনিপ্রোতে ৪৫ ও ৮৮ বছর বয়সী দুই নারী পৃথক হামলায় আহত হয়েছেন।
খারকিভে এই জোরালো হামলাকে ইউক্রেনের পক্ষ থেকে সম্প্রতি রাশিয়ার একটি বিমানঘাঁটিতে চালানো হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার রাতেও রাশিয়া ইউক্রেনজুড়ে, বিশেষ করে রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায়।
ভোরের আকাশ।। হ.র