বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ৩৩ আফগান সন্ত্রাসী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩৩ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।
আইএসপিআরের তথ্যমতে, গত বৃহস্পতিবার বেলুচিস্তানের ঝোব জেলার সাম্বাজা সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে একদল সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা করে। সেনা সদস্যরা তাদের শনাক্ত করে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। এতে ৩৩ জন অনুপ্রবেশকারী নিহত হয়। আইএসপিআরের ভাষায়, “৩৩ জনকে নরকে পাঠানো হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, নিহতরা আফগান নাগরিক হলেও পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত এবং বেলুচিস্তানে টিটিপির কার্যক্রম বিস্তারের উদ্দেশ্যে এসেছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর দাবি করেছে, নিহত সন্ত্রাসীরা ভারতের মদতপুষ্ট। তারা জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় এবং ভারত-সমর্থিত সন্ত্রাসবাদ প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এদিকে রেডিও পাকিস্তান জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার টিটিপির অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় যৌথ সেনা-পুলিশ অভিযান শুরু হয়েছে। তবে এ অভিযানে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র: জিও নিউজ
ভোরের আকাশ//হ.র