ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় কানাডাকে ট্রাম্পের হুমকি

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দেন। এর আগে ইউরোপের দুই প্রভাবশালী দেশ—ফ্রান্স ও যুক্তরাজ্য—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল।
তবে কানাডার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বাহ! কানাডা এখন ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করছে। (এই অবস্থায়) কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করাটা অনেক কঠিন হয়ে যাবে।”
এর আগে ট্রাম্প প্রশাসন কানাডার ওপর স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়িসহ বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করে। এই প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছিল। কানাডার প্রধানমন্ত্রী জানান, আলোচনা ইতিবাচকভাবে এগোলেও, মার্কিন নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম।
উল্লেখ্য, কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৪ সালে দেশটি যুক্তরাষ্ট্র থেকে ৩৪৯.৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং রপ্তানি করেছে ৪১২.২ বিলিয়ন ডলারের পণ্য। স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানিতেও কানাডা যুক্তরাষ্ট্রের প্রধান উৎস দেশ।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আশা করেছিল অটোয়া, তবে বর্তমান পরিস্থিতিতে সেই পথ আর সম্ভব নয়।”
তিনি আরও জানান, “২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।”
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ//হ.র