মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহত ৩৩

মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর এক ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩৬ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাখাইনের উত্তরাঞ্চলীয় নদী তীরবর্তী শহর কিয়াউকটাওয়ের একটি জনাকীর্ণ বাজার এবং সংলগ্ন সেতু এলাকায় এই বোমাবর্ষণ করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মি জানিয়েছে, হামলায় নিহত ও আহতদের মধ্যে বেসামরিক লোকজন রয়েছেন। স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অংও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তার একটি ত্রাণ দল ওই এলাকায় কাজ করছে।
বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের উত্তরে নদীর তীরে অবস্থিত কিউকটাউ শহরটি। ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেন, হামলার স্থানটি চলমান সংঘাতের এলাকা থেকে বেশ দূরে। তার দাবি, ওই এলাকার সঙ্গে সরাসরি সংঘাতের কোনো সম্পর্ক নেই।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই গৃহযুদ্ধে অস্থির মিয়ানমার। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। তাদের মধ্যে অন্যতম আরাকান আর্মি, যারা রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
রয়টার্স জানিয়েছে, হামলার বিষয়ে আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে মিয়ানমার সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।
তবে দেশটির সরকার এর আগে দাবি করেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে।
আরাকান আর্মি ও ওয়াই হুন অংয়ের দাবি, গত ডিসেম্বর পশ্চিম রাখাইনের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার পর এটিই রাজ্যটিতে সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলার ঘটনাগুলোর একটি।
ভোরের আকাশ/আ.র